মোঃ রাজিবুল ইসলাম, কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ১১ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠানের ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল। সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মিজান মীরের অভিযোগ, পরিচালনা কমিটি গঠনে অনিয়ম, শিক্ষকদের অযোগ্যতা এবং যথাযথ তদারকির অভাবে মাদ্রাসাটির শিক্ষার মান সংকটের মুখে পড়েছে। ফলাফলের দায় বর্তমান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলেও তিনি দাবি করেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, শ্রেণিকক্ষে নিয়মিত ও যথাযথ পাঠদান হলে শিক্ষার্থীদের ফল আরও ভালো হতে পারত। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, বিষয়টি বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে।
ফল খারাপ হওয়ার কারণ জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, আগামীতে এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছেন।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬১.৮০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৬১.০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫০.৯৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৯.৪৩ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাস করেছে ৪৮ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৬ শতাংশ, রাজশাহীতে ৪৫.০৫ শতাংশ, যশোরে ৪৪.৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।